![]() |
| নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ |
তরুণদের নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাকালীন কমিটি কত সদস্যের হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে কমিটির আকার যা-ই হোক, তাদের দুই প্ল্যাটফর্ম—জাতীয় নাগরিক কমিটি থেকে ৫০ শতাংশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫০ শতাংশ নেতাকে নিয়েই দলের আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে বলে জানা গেছে।
আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটির সবার নাম ঘোষণা না–ও হতে পারে। তবে শীর্ষস্থানীয় পদগুলোতে (ছয় বা ততোধিক পদ হতে পারে) মনোনীত নেতাদের নাম ঘোষণা করা হবে বলে জাতীয় নাগরিক কমিটির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন। অন্য পদগুলোতে মনোনীত নেতাদের নাম পরে ঘোষণা করা হবে।
অবশ্য নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত বলে ইতিমধ্যে খবর বেরিয়েছে। এ ছাড়া মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও অনেকটাই চূড়ান্ত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।
এদিকে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদের নাম আলোচনায় ছিল। কিন্তু গত মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জোনায়েদ বলেছেন, তিনি নতুন দলে থাকছেন না।
জোনায়েদের এই স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করে গতকাল ভোরে রাফে সালমান রিফাত (ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক সাবেক সভাপতি) লিখেছেন, তিনিও নতুন দলে থাকছেন না।
শিবিরের আরেক সাবেক নেতা আরেফীন মোহাম্মদ হিযবুল্লাহও নতুন দলে থাকছেন না বলে জানা গেছে। হিযবুল্লাহ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র পদ থেকে পদত্যাগও করেছেন।
শিবিরের সাবেক এই তিন নেতা নতুন দলে যুক্ত না হলেও একসময় শিবির করতেন, এমন বেশ কয়েকজন নতুন দলে থাকছেন বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন।
নতুন দলের সম্ভাব্য কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির নেতা সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল হান্নান মাসউদসহ কয়েকজন।

0 মন্তব্যসমূহ